আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ
মৌলভীবাজার সদর উপজেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করে অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ৯ আগস্ট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী ও আয়শা আক্তার লাবনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ৪০ (খ), ৪০ (গ) ও ৪০ (ঘ) ধারায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুদের পাশাপাশি অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় রেজিস্টার সংরক্ষণ না করার বিষয়টি ধরা পড়ে।
এদিকে, পরবর্তীতে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোড এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯ (১) ধারায় পৃথক তিনটি মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply